নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ মে, ২০২০ বৃহস্পতিবার ১২:১০ পিএম
প্রাণঘাতী করোনায় যেমন আক্রান্তের হার বাড়ছে তেমনি বাড়ছে মৃতের হারও। দেশের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামেও আক্রান্ত ও মৃত বাড়ছে লাফিয়ে। এবার প্রাণ গেল নগরের পতেঙ্গায় করোনা শনাক্ত হওয়া এক কলেজছাত্রীর।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ সুলতানা আঁখি নামের ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সে করোনা ওয়ার্ডে ভর্তি ছিল।
জানা যায়, নিহত আঁখি নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকার ইউসুফ বলী গলির বাসিন্দা ছিল। সে একই এলাকার পতেঙ্গা সিটি করপোরেশন ডিগ্রী কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্রী ছিলো।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম জানান, আঁখি নামে কলেজছাত্রীকে গত ০৫ মে চমেকে আনা হয়। সে ১৩ নং ওয়ার্ডের ৪৩ নং বেডের পেশেন্ট ছিল।
তিনি জানান, এরপরই তার করোনা শনাক্ত হয় এবং সেখান থেকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২ টার পরে সে মৃত্যুবরণ করে।
উল্লেখ্য, এ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন।
এদিকে গতকাল চট্টগ্রামের চারটি ল্যাবে ৩৬৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে চট্টগ্রামের রয়েছেন ৯৫ জন। যার মধ্যে শিশু, ডাক্তার এবং সদরঘাট থানার ওসিসহ ১৩ জন পুলিশ সদস্যের শরীরেও করোনার জীবাণু মিলেছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
