ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম শুরু হবে কি না, এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই।
আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলছে। এ কারণে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা।
ওই কর্মকর্তা জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এদিকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। তবে করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে সেই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন প্রশ্নপত্র প্রস্তুতসহ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এসএসসি পরীক্ষা শেষ হলে এইচএসসির পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করা হবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Print This Post
