দুর্নীতি রোধ থেকে পর্যটন উন্নয়ন—চট্টগ্রামের প্রথম নারী ডিসির ‘ম্যাজিক’

আপডেট: ১০ অগাস্ট ২০২৫ ৭:৫৯ অপরাহ্ন

মুহাম্মদ আজাদ, চট্টগ্রাম
চট্টগ্রামের ২৫২ বছরের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) পদে দায়িত্ব পেলেন একজন নারী। ১৭৭২ সালে চট্টগ্রাম জেলা কালেক্টরেট অফিস প্রতিষ্ঠার পর থেকে ১৯০ জন জেলা প্রশাসকের দায়িত্ব পালনের মধ্যে কোনো নারী ছিলেন না। অন্তবর্তীকালীন সরকারের সময়ে এই প্রথম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পান ফরিদা খানম।

গত বছরের ১২ সেপ্টেম্বর যোগদানের পর থেকেই বাজার মনিটরিং, প্রশাসনিক উন্নয়ন, শিক্ষা, পর্যটন ও জনস্বাস্থ্য—সবক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন সেলস সেন্টার ও কৃষকের হাট চালু, সরকারি সম্পত্তি উদ্ধার, খাল দখলমুক্ত করা ও গনশুনানির মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান তাঁকে জনআস্থার প্রতীক করে তুলেছে।

ফরিদা খানমের নেতৃত্বে গত তিন মাসে শত কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে ঐতিহ্যবাহী কালিরছড়া খালও। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নেও তিনি রেখেছেন সরব ভূমিকা।

দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গতিশীল ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ফরিদা খানম। ‘বাবা সবসময় বলতেন—সততার সঙ্গে যোগ্য হতে হবে’—নিজের কর্মদর্শন ব্যাখ্যা করতে গিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন কলেজশিক্ষক বাবার কথা।

যোগদানের দুই দিন পরই তিনি ছুটে যান শহীদ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ওমর বিন আবছারের বোয়ালখালীর বাড়িতে। সেখানে শহীদের কবর জিয়ারত করে পরিবারকে সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে কবরস্থানের রাস্তা সংস্কার ও শহীদের নামে সড়ক নামকরণের ব্যবস্থা করেন।

প্রশাসনিক বদলিতেও তিনি এনেছেন স্বচ্ছতা ও নজির। গত ১২ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার পদায়ন করা হয়—যা প্রশাসনে এক বিরল দৃষ্টান্ত।

রমজানের আগে ২০ দিনের বাজার অভিযান চালিয়ে ১৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, জরিমানা করা হয় ৪৬০টি প্রতিষ্ঠানকে। এতে বাজারের সিন্ডিকেট ভেঙে পড়ে, দ্রব্যমূল্যও স্বাভাবিক হতে শুরু করে।

পর্যটন খাতে তাঁর উদ্যোগও সমান আলোচনায়। ফৌজদার হাটে বঙ্গোপসাগরের তীরে জেলা প্রশাসনের ডিসি পার্কে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজিত ফুল উৎসবে ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলে মুখর ছিল পুরো এলাকা। পর্যটন উন্নয়নে চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সমুদ্রসৈকত ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে মহাপরিকল্পনা।

গোপালগঞ্জ সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া ফরিদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন সহকারী কমিশনার হিসেবে। এরপর রাজশাহী, রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীতে দায়িত্ব পালন করেন। উপসচিব পদে উন্নীত হয়ে ২০২৪ সালের আগস্টে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি।

Print This Post Print This Post