নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ জুন, ২০২০ শনিবার ০৩:২৪ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় চালু করা হয়েছে ‘বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল’ নামের করোনা চিকিৎসার হাসপাতাল।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিকভাবে এই হাসপাতালের বর্হিবিভাগের ক্লো কর্ণার উদ্বোধন করা হয়।
হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ডা. হোসেন আহম্মদ সিটিজিসান ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকার স্থানীয়দের করোনা চিকিৎসায় আজ (শনিবার) থেকে চালু করা হয়েছে হাসপাতালটির কার্যক্রম। শুরুতে ৩০ শয্যার প্রস্তুতি নিয়ে ২১ শয্যার বেড দিয়ে শুরু করেছি। সোমবার পর থেকে পুরোদমে ৫০ শয্যার বেড কার্যক্রম চলবে। আজকের শুধুমাত্র বর্হিবিভাগের ক্লো কর্ণার চালু করার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।’
আগামী সোমবার থেকে করোনা চিকিৎসার রোগী ভর্তির কার্যক্রম পুরোদমে চলবে বলে জানান তিনি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহানুর বেগম, পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া ও রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ও মানবাধিকার কমিশন ইপিজেড থানা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খান মো. সাইফুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সংবাদ : কাটগড় মোড়ে হচ্ছে ৫০ শয্যার করোনা হাসপাতাল
উল্লেখ্য, চট্টগ্রামের শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকা। এখানে প্রায় ৭ লাখ মানুষের বসবাস। এখানকার একটি অসুস্থ্য রোগীকে প্রতিদিন প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে সেখানে একটি সরকারি হাসপাতাল করার দাবিও ছিল স্থানীয়দের।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
