বদলে যাচ্ছে চন্দ্রঘোনা শেখ রাসেল এ্যাভিয়ারি পার্ক

আপডেট: ৩ ডিসেম্বর ২০১৬ ৯:৫৫ পূর্বাহ্ন

rangunia-park-pic-1

জগলুল হুদা, রাঙ্গুনিয়া :: বদলে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা শেখ রাসেল এ্যাভিয়ারি পার্কের দৃশ্যপট। এ্যাভিয়ারি পার্ককে পর্যটকের কাছে আরও আকর্ষনীয় করতে ২ শত কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) পাশের জন্য অপেক্ষমান রয়েছে।

গত মাসের ২৯ নভেম্বর উপজেলার মাসিক সভায় চন্দ্রঘোনা শেখ রাসেল পার্কের সার্বিক উন্নয়নে ২শত কোটি টাকা বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বর্তমান বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ এমপি।

সভায় তিনি আরও বলেন, দেশের অন্যতম আকর্ষনীয় পার্কে পরিণত করার জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়। একনেক থেকে প্রকল্পটি অনুমোদন হলে আগামী বছর শুরুতেই পার্কের সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে টেন্ডার আহবান করা হবে বলে তিনি জানান।

এদিনই চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারি পার্ক পরিদর্শনে আসেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউনুস আলী। তিনি পার্কের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পার্কের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের বিষয়টি তিনিও নিশ্চিত করেন।

জানা যায়, চন্দ্রঘোনা শেখ রাসেল এভিয়ারী পার্ককে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলার জন্য সংযোগ করা হচ্ছে আরও ২ কিলোমিটার ক্যাবল কার। উন্নত দেশ থেকে আধুনিক মানের ক্যাবল কার নিয়ে আসা হবে। এছাড়াও স্থাপিত হবে বৃহৎ পরিসরে শিশুদের বিনোদনের জন্য নানা অবকাঠামো সমৃদ্ধ শিশু পার্ক, ঝুলন্ত ব্রীজ, সংস্কার করা হবে পার্কের লেক, বাড়তি নিরাপত্তা নিশ্চিতে তৈরি করা হবে ওয়াচ টাওয়ার, পার্ক সংরক্ষণে সীমানা প্রাচির, নির্মাণ করা হবে আধুনিক মানের রেস্টুরেন্ট ও কটেজ সুবিধা।

পার্কের অফিসার ইনচার্জ প্রহলাদ চন্দ্র রায় সিটিজিসান.কমকে জানান, দেশের উন্নতমানের পার্কে পরিণত করার লক্ষে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে বন বিভাগ। নতুন বছরের শুরুতেই দৃশ্যমান এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে।

সিটিজিসান.কম/রবি

 

Print This Post Print This Post