প্রতারণার অভিযোগে গীতিকার-পরিচালককে গ্রেফতারি পরোয়ানা

আপডেট: ১ ডিসেম্বর ২০১৬ ২:১৮ অপরাহ্ন

kabir_kajol_32535_1480572650

অনলাইন ডেস্ক:: গীতিকার কবির বকুল ও পরিচালক পিএ কাজলের বিরুদ্ধে গান নিয়ে প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ শহীদুল আমিন এ পরোয়ানা জারি করেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন শুনানিতে অংশ নেন। চলতি বছরের ১৩ এপ্রিল ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি প্রতারণার মাধ্যমে একটি চলচ্চিত্রে ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

গানটির মূল গীতিকার বাউল জবান আলী সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাউল জবান আলী রচয়িত ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রোদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচারিত হয়েছিল।

তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল তার পরিচালিত ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ সিনেমায় ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এরপর গত ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি তদন্ত প্রতিবেদন করলে এই দু’জনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post