
রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় ফাজিল (সম্মান) শ্রেণীর পরীক্ষায় অসদুপায়ের দায়ে প্রভাষকসহ ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার আরবি (তজবিদ) প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের বহিষ্কার করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন। এরমধ্যে দুই প্রভাষককে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।
কামাল উদ্দিন জানান, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষার্থীরা নকল লুকাতে থাকে। এ সময় হাতে নাতে ১৪ শিক্ষার্থীকে ধরার পর তাদের বহিষ্কার করা হয়। পরীক্ষার্থীদের নকল সরবরাহের প্রমাণ পাওয়ায় আনিসুল মোস্তফা ও মো. জাহেদ নাম দুই প্রভাষককে বহিস্কার করে তাদের আটক করা হয়। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের ন্যায় আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায়ও ফাজিল (সম্মান) শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু মাদ্রাসায় পরীক্ষাসূলভ কোন পরিবেশ নেই। মাদ্রাসার শিক্ষার্থীরা অবাধে নকল দিয়ে পরীক্ষা দিচ্ছে। খবর পেয়ে মাদ্রাসায় গেলে নকলের ছড়াছড়ি দেখা যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুই প্রভাষককে আটক করা হয়েছে। তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post
