চট্টগ্রাম :: আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। টার্মিনাল নির্মাণ, পুলিশী হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি।
আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান সংগঠনের নেতারা।
তিনি বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সময় হাতে রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়াসহ নিয়মন্ত্রাতিকভাবে দাবি জানানো হয়েছে। এরপরও সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে আমরা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে মঙ্গলবার ভোর ছয়টা থেবে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা এই পরিবহন ধর্মঘট চলবে।
ধর্মঘট আহ্বানকারী সংগঠনের দাবির মধ্যে আছে, বাস, ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিং স্পট, আনরেজিস্ট্রার্ড সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান ও মালিকের জমা ৬’শ টাকা নির্ধারণ, ভুয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরের দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে মো. মুছা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও উত্তর জেলার জন্য বাস- কোচ টার্মিনাল হয়নি। বন্দর এলাকায় ট্রাক টার্মিনালও নির্মিত হয়নি। মহানগরীতে যত্রতত্র অবৈধ পার্কিং হয়, পুলিশের পকেট ভরে কিন্তু পার্কিং টার্মিনাল হয় না।
তিনি বলেন, অটোরিকশা মালিকসহ প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের ষড়যন্ত্রে হাজার হাজার শ্রমিক এখন বেকার। চার হাজার সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেয়ার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুস সবুর ও সদস্য সচিব হুমায়ুন কবির।
সিটিজিসান.কম/রবি
Print This Post

