অনলাইন ডেস্ক :: সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার হাসপাতালের বিছানায় বসা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন খাদিজার ভাই শরনান হক শাহীন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় ওই ছবি প্রকাশ করেন তিনি। হামলার পর দেড় মাসের বেশি সময় ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খাদিজা।
খাদিজার বাবা মাসুক মিয়া জানান, হাসপাতালের একজন কর্মচারী ছবিটি তুলে শাহীনকে পাঠিয়েছিল। পরে শাহীন সেটা ফেসবুকে দিয়েছে।
গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।
ঘটনার পর স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়।
এর সাত দিনের মাথায় খাদিজাকে কাউকে চিনতে পারছিলেন না বলে তার স্বজন ও চিকিৎসকরা জানিয়েছিলেন।
তবে এখন খাদিজার অবস্থা বেশ ‘ভালোর দিকে’ জানিয়ে তার বাবা মাসুক বলছেন, আগামী সোমবার তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, খাদিজা এখন কথাবার্তা বলতে পারছে। বাম হাত, বাম পা এখনও অবশ আছে। বাম হাতে ব্যান্ডেজ আছে। মাথার ব্যান্ডেজ খোলা আছে। মোটামুটি খাওয়া দাওয়াও করতেছে। কথাবার্তাও ৮০ পার্সেন্টের মতো বলতে পারে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

