চকরিয়ায় সড়কে ডাকাতি, ২ জন গুলিবিদ্ধ

আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ৫:২৩ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার:: বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চকরিয়া পৌরসভার ঘনশ্যামবাজার এলাকার প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা  লুট করেছে একদল মুখোশধারী ডাকাত। ওই সময় ডাকাতের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়।

আহতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজীর পাড়ার এলাকার মোহাম্মদ জুয়েল (২৫) ও শামসুল আলম (৩০)। তাদের মধ্যে গুরুতর আহত শামসুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত জুয়েলকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী মো.আলাউদ্দিন। এসময় তার ভাগিনা জুয়েল ও দোকান ম্যানেজার শামসুল আলমও সাথে ছিল। পথিমধ্যে ঘনশ্যাম এলাকায় তাদের মোটরসাইকেলটি পৌছলে মুখোশ পরিহিত ৪-৫ জন সশস্ত্র ডাকাত সড়কে ব্যারিকেড দেয় এবং তাদের অস্ত্রের মূখে জিম্মি করে আলাউদ্দিনের পকেটে থাকা ৪ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এসময় জুয়েল ও শামসুল আলম বাধা দিতে গেলে তাদের মারধর ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post