চট্টগ্রাম :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধিভুক্ত ‘সি-৩’ ইউনিটের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্রের মধ্যেই উত্তর চিহ্নিত ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে বাতিল হওয়া পূর্বনির্ধারিত সময়ে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও উক্ত ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর অালম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. জাহাঙ্গীর অালম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে নির্ধারিত সময়ে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এর আগে ৩১ অক্টোবর ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে অভিযোগ উঠে প্রশ্নে মধ্যেই উত্তর ঝাপসা করা ছিল। এরপর প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত ছিল অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরে পরীক্ষার সাক্ষাৎকার স্থগিত করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড.ফরিদ উদ্দীন আহমদ ও সহকারী প্রক্টর হেলাল উদ্দীন চৌধুরীকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রশ্ন জালিয়াতির বিষয়টিকে কারিগরি ভুল বলে আখ্যায়িত করে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী শুক্রবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

