দিয়াজের মৃত্যু : চবি শিক্ষকবাসের চালক অপহরণ

আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১০:২৩ পূর্বাহ্ন

cu
চট্টগ্রাম :: কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ময়নাতদন্ত প্রতিবেদন সঠিক হয়নি দাবি তুলে তা প্রত্যাখান করে আন্দোলন করছে দিয়াজের পক্ষের অনুসারীরা।

আজ বৃস্পতিবার সকালে তারা বিশ্ববিদ্যালয়গামী একটি শিক্ষকবাসের চালককে অপহরণ করে। ফলে শহর থেকে ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি অন্য শিক্ষকবাসগুলোও। একই সাথে আন্দোলনের কারণে শাটল ট্রেনও চলছে না।

বিশ্ববিদ্যালয় পরিবহন সূত্র জানিয়েছে, নগরীর জামতল থেকে সকাল আটটার ক্যাম্পাসগামী শিক্ষকবাসটি আন্দোলনকারীরা আটকে দেয়। এসময় তারা বাসের চালক মাসুদ ও তার সহকারী মনিরকে অপহরণ করে নিয়ে যায়। পরে মনিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও মাসুদকে পাওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আযম বলেন, জামতল থেকে সকালে ক্যাম্পাসগামী শিক্ষকবাসটি আটকে ড্রাইভার ও হেল্পারকে নিয়ে যায় আন্দোলনকারীরা। পরে হেল্পার মনিরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা গেলেও ড্রাইভার মাসুদকে পাওয়া যাচ্ছে না।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসগামী কোনো শাটল ট্রেন শহর থেকে ছেড়ে যায়নি। ফলে ষোলশহর স্টেশনে এসে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ২০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দিয়াজের লাশ দেখা যায়। পরে রাত সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দিয়াজ ইরফান চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post