প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু আজ

আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ১০:৫৪ পূর্বাহ্ন

psc-exam
অনলাইন ডেস্ক ::
প্রাথমিক পঞ্চম শ্রেণী ও মাদরাসায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার শুরু হচ্ছে। গত বছরের মতো প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে সমাপনী পরীক্ষা নেয়া হবে। কোন জেলা কোন অঞ্চলে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিইর) শীর্ষ কর্মকর্তারা তা গোপনীয়তার সাথে নির্ধারণ করবেন।

এবারের পরীক্ষায় (প্রাথমিক ও ইবতেদায়িতে) ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন কোমলমতি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরীক্ষায় ধারাবাহিকভাবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও এবার তাতে ছেদ পড়েছে।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ডিপিইর কর্মকর্তারা এটি মানতে নারাজ। তারা বলছেন, শিক্ষার্থী বেড়েছে। তাদের যুক্তি হচ্ছে এবার ডিআরভুক্ত বা নিবন্ধিত হয়েছে কম, কিন্তু পরীক্ষার্থী গত বছরের চেয়ে বেড়েছে। অপর দিকে পরিসংখ্যান বলছে গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ২৪ হাজার ২২৬ জন। গত বছর শিক্ষার্থী ছিল ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।

ঘোষিত পরীক্ষাসূচি অনুযায়ী শুরুর দিন আজ প্রাথমিক ও ইবতেদায়িতে ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত দেশের সাত হাজার ১৯৪টি এবং বিদেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা হবে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে।

আগে এই পরীক্ষার সময় ২ ঘণ্টা ছিল। ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.নজরুল ইসলাম খান গতকাল বলেন, ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন ছাপিয়ে আগামীকাল (আজ) সারা দেশে বিশেষভাবে পরিকল্পিত ৮টি অঞ্চলে বিতরণ করা হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে এ বিকল্প ব্যবস্থা গত বছর থেকেই চালু করা হয়েছে। এ পদ্ধতিতে গত বছর আমরা সফল হয়েছি।

পরীক্ষার্থী কমার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বছর ডিআরভুক্ত হয়েছে কম। তাই নিবন্ধন হয়েছে কম কিন্তু পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। তবে তিনি কম নিবন্ধিত হওয়ার কারণ সম্পর্কে কিছু বলতে নারাজ। তিনি তার মন্ত্রীর মতোই বলেছেন, এবার অনেক স্বচ্ছতার সাথে নিবন্ধন হয়েছে, হয়তো তাই কম নিবন্ধন হয়ে থাকতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আট অঞ্চলের জন্য নির্ধারিত প্রশ্নপত্র ইতোমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে। কোনো জেলার প্রশ্ন ফাঁস হয়ে গেলে শুধু ওই জেলার শিক্ষার্থীরাই তিগ্রস্ত হবে। কারণ পাশের জেলাটি কোন অঞ্চলে পড়েছে তা গুটি কয়েক শীর্ষ কর্মকর্তা ছাড়া অন্যদের জানা নেই। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার ৩২ সেট প্রশ্নের মধ্য থেকে লটারির মাধ্যমে আট সেট প্রশ্ন বাছাই করে ছাপানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, লটারির মাধ্যমে আটটি অঞ্চলে আটটি করে জেলাকে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার দিন এসব জেলার হিসাব পাল্টে যাবে। সে অনুযায়ী অঞ্চলভিত্তিক বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সেট নির্দিষ্ট জেলায় পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, প্রাথমিক সমাপানীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন ছাত্র এবং ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন ছাত্রী। আর ইবতেদায়ির দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৫৭ হাজার ৩১৯ জন ছাত্র এবং এক লাখ ৪২ হাজার ৩৯৬ ছাত্রী। এবার প্রাথমিক সমাপনীতে দুই হাজার ৮৫৭ জন এবং ইবতেদায়িতে ৯০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ২০১০ সাল থেকে ইবতেদায়িতে এ পরীক্ষা হচ্ছে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে শিশুদের এই পরীক্ষার ফল দেয়া হচ্ছে। আগে এ পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা। ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

প্রাথমিক সমাপনীর পরীক্ষাসূচি : আজ রোববার ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৭ নভেম্বর গণিত।

ইবতেদায়ি সমাপনী পরীক্ষাসূচি : আজ রোববার ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ, ২৭ নভেম্বর গণিত।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post