শাহ আমানত থেকে পুলিশের সব সদস্য প্রত্যাহার

আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১০:৫১ পূর্বাহ্ন

cmp-police

চট্টগ্রাম :: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে পুলিশের সকল সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইমিগ্রেশন বিভাগকে বিশেষ শাখা ঢাকা’র সাংগঠনিক কাঠামোভুক্ত করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, ইমিগ্রেশন বিভাগের নতুন সাংগঠনিক কাঠামোয় শাহ্ আমানত বিমানবন্দরে অনুমোদন দেওয়া ৮৩ জনবলের সবাই ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছেন। গত ১০ নভেম্বর থেকে ঢাকা সিটি এসবির সদস্যরা ইমিগ্রেশনে দায়িত্ব পালন করছেন।

নতুন জনবলের মধ্যে একজন বিশেষ পুলিশ সুপার (এসএসপি), একজন অতিরিক্ত পুলিশ সুপার, চারজন পরিদর্শক, ৪০জন উপ-পরিদর্শক, ১৫জন উপ-সহকারী পরিদর্শক, ২০ জন কনস্টেবল এবং দুজন সিভিল স্টাফ রয়েছেন।

এর আগে সিএমপির একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে ৬৪ পুলিশ সদস্যের একটি দল দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে শাহ্ আমানত বিমানবন্দর দিয়ে মানবপাচারের অভিযোগ ওঠে। গত ৫ নভেম্বর বায়ান্নবিডি ডটকমে ‘শাহ আমানতের ইমিগ্রেশনে মানবপাচার চক্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

যার তথ্য সূত্র ধরে পুলিশের প্রতিবেদনে গত ১৩ অক্টোবর এই বিমানবন্দর থেকে ভুয়া ভিসায় লিবিয়ায় পাচারকালে ৩৯জন এবং গত ১০ নভেম্বর ইরাক পাচারকালে ৫ ব্যক্তিকে উদ্ধার করার বিষয়টি উঠে আসে।

এছাড়া ইমিগ্রেশন বিভাগে দায়িত্ব পালনকারী কতিপয় পুলিশ সদস্যদের যোগসাজশে ‘এয়ার অ্যারাবিয়া’ ও ‘ফ্লাই দুবাই’ নামে দুটি এয়ারলাইন্সযোগে শাহ্ আমানত বিমানবন্দর থেকে মানবপাচারের ঘটনা ঘটেছে বলেও পুলিশের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেয় পুলিশের উচ্চপর্যায়। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবিরের নেতৃত্বে অভিযোগের তদন্ত করা হয়। এতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কারা লোক যোগাড় করে এবং কোন কোন এয়ারলাইন্স মানবপাচার কাজে জড়িত এবং বিমানবন্দরে কর্মরত পুলিশের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত কে কত টাকা ভাগ পেতেন -তাও উঠে এসেছে ওই তদন্ত প্রতিবেদনে।

জানা গেছে, এখন থেকে এসএসপি’র (বিশেষ পুলিশ সুপার) শাহরিয়ার কবিরের নেতৃত্বে ৮৩ জনের একটি টিম এ বিমানবন্দরে ইমিগ্রেশন কাজে নিয়োজিত থাকবেন। এসএসপি শাহরিয়ার কবিরও দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সিটি এসবি ঢাকা হেড কোয়ার্টারের নির্দেশে পরিচালিত হবেন। এর আগে সিএমপির নির্দেশে শাহ্ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত হয়ে আসছিল।

সিএমপির উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে বিমানবন্দর থেকে সিএমপির সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে ইমিগ্রেশন বিভাগ সিএমপি নয়, ঢাকা সিটি এসবির নিয়ন্ত্রণে থাকবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post