চট্টগ্রাম :: সদ্য পদে আসীন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে পারলে তবেই বিজয় মিছিল করবো।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নগরীর বটতলীর রেলস্টেশনে শুভেচ্ছা জানাতে আসা নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য এ কথা বলেন তিনি।
এর আগে ‘সোনার বাংলা’ ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত সহসম্পাদক আমিনুল ইসলাম।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শুভেচ্ছা জানাতে স্টেশনে ভিড় জমান হাজার হাজার নেতা-কর্মী। তাদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রাম রেলস্টেশন।
ব্যানার, ফেস্টুন, ঢোল, বাদ্যসহ মিছিল নিয়ে স্টেশনে উপস্থিত হয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, হকার্স লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কৌতূহলী তরুণরা।
প্রথম পর্বে ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুবলীগের মহিউদ্দিন বাচ্চু, ১৪ দল নেতা গিয়াস উদ্দিন, শ্রমিক লীগের মাহবুবুল হক চৌধুরী এটলী, ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।
অনুষ্ঠানস্থলে ছিলেন নওফেলের মা হাসিনা মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি প্রমুখ।
Print This Post

