ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক

আপডেট: ৯ নভেম্বর ২০১৬ ১০:৫২ পূর্বাহ্ন

ফাইল ছবি
ফাইল ছবি

অনলাইন ডেস্ক :: কলকাতার সার্ভে পার্ক থানা এলাকায় পড়ানোর নাম করে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করল গৃহশিক্ষক৷ দুই দিন আগে গৃহশিক্ষকের কোচিং থেকে ফিরে বাড়ির লোকেদের পুরো ঘটনাটি জানান নবম শ্রেণীর ছাত্রী৷ তার পরই বাড়ির লোকেরা সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে ২৭ বছরের ওই গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ৷

মঙ্গলবার ঘটনাটি জানাজানি হতেই ওই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷ শিক্ষকের নাম অনির্বাণ ধর৷ তার বিরুদ্ধে পকসো (প্রিভেনশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স) আইনে আইপিসি-র ৩৭৬ নম্বর ধারায় মামলা করা হয়েছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১৬ বছরের কিশোরী প্রায়দিনই পাটোয়াড়িপাড়ায় গৃহশিক্ষকের কোচিংয়ে পড়তে যেত৷ অনেক সময়েই বাড়িতে কেউ না থাকায় ওই ছাত্রীকে অনির্বাণ ডেকে পাঠাত বলে অভিযোগ৷ শ্লীলতাহানির চেষ্টাও করেছিল৷

দু’দিন আগে ফাঁকা ঘরে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে অনির্বাণ৷ এর পরই কাঁদতে কাঁদতে বাড়িতে যায় ওই কিশোরী৷ মাকে পুরো বিষয়টি জানায়৷ তার পরই স্থানীয় থানায় বাড়ির লোকেরা অনির্বাণের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন৷

এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অনির্বাণকে গ্রেফতার করেছে৷ আগেও এই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি কিশোরীর মেডিক্যাল টেস্টও করানো হচ্ছে৷ পকসো আইনে মামলা হওয়ায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত গৃহশিক্ষকের কঠিন শাস্তি হতে পারে৷ পুলিশ অবশ্য কিশোরীকে ধর্ষণ করা হয়েছে না শ্লীলতাহানি করা হয়েছে, সে বিষয়ে আগে নিশ্চিত হতে চাইছে৷

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post