পরিবেশ দূষণ: ইটভাটায় প্রতিদিন ঢুকছে ২ শতাধিক গাড়ি

আপডেট: ৭ নভেম্বর ২০১৬ ৪:৩৬ অপরাহ্ন

rangunia-jalani-kut-pic-2

জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) করেসপন্ডেন্ট :: অল্পকদিন পড়ে ইটভাটার চুল্লিতে আগুন দেওয়া হবে। তাই রাঙ্গুনিয়ার শতাধিক ইটভাটায় প্রতিযোগীতা করে চলছে জ্বালানি কাঠ মজুদের মহাউৎসব। দিনে লাল লাখ টাকার কাঠ ঢুকছে রাঙ্গুনিয়া উপজেলার শতাধিক ইটভাটায়। জ্বালানি কাঠ ব্যবসায়ীচক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব কাঠ কেটে জিপে (চাঁদের গাড়ি) করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে প্রকাশ্যে এসব কাঠ নেওয়া হলেও বনবিভাগ ও প্রশাসন নির্বিকার।

সুত্রে জানা যায়, চট্টগ্রাম কাপ্তাই সড়ক, রাঙ্গুনিয়া ডিসি সড়ক, ফেরিঘাট চন্দ্রঘোনা সড়ক, শিলক কালিন্দারানী সড়ক, বেতাগী আমানুল্লাহ সড়ক, মরিয়মনগর চৌমুহুনী ডিসি সড়ক, চন্দ্রঘোনা বুইজ্জার দোকান সড়ক, নিশ্চিন্তাপুর সড়ক, সরফভাটা মীরেরখীল সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চাঁদের গাড়ি যোগে কাঠ পাচার কালে জন চলাচল মারাত্বক বিঘœ ঘটে। বেপরোয়া গতিতে জ্বালানি কাঠ বহনকারী চাঁদের গাড়ির চলাচলে যেকোন সময় মারাত্বক বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। সড়কে উঠলে এসব জ্বালানি কাঠ বহনকারী গাড়ির অস্বাভাবিক গতির কারণে সড়কের সাধারণ মানুষের চলাচলে আতংঙ্কগ্রস্ত হয়ে পড়ছে।

গতকাল রোববার সন্ধায় সরেজমিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার মরিয়মনগর চৌমুহুনি গিয়ে দেখা যায়, রানিরহাটের অমলবাবুর মালিকানাধীন একটি জিপে জ্বালানি কাঠ মরিয়মনগর চৌমুহুনী ডিসি সড়ক পথে নিয়ে যাওয়া হচ্ছে। জানতে চাইলে গাড়িচালক জানান, সরফভাটার পাহাড়ি বনাঞ্চল থেকে আনা এসব কাঠ উত্তর রাঙ্গুনিয়ার ইসলামপুর ইটভাটায় নেওয়া হচ্ছে।

একই দিন রাজানগর ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় গিয়েও জ্বালানি কাঠ মজুদ করতে দেখা যায়। জানতে চাইলে ইটভাটার এক ব্যবস্থাপক বলেন, ‘আমাদের ইটভাটায় প্রতি মৌসুমে কয়লার বিকল্প হিসেবে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। অল্পকদিন পড়ে ইটভাটার চুল্লিতে আগুন দেওয়া হবে, তাই এবার আগে থেকেই চুল্লির জন্য প্রয়োজনীয় জ্বালানি কাঠ সংগ্রহ করে রাখা হচ্ছে।

বেতাগীর এক ইটভাটার মালিক বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমোদনে আমরা ইটভাটা চালাচ্ছি। চাহিদা অনুযায়ী কয়লা না পাওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে কাঠ পুড়নো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গুনিয়ার রানীরহাট, ইসলামপুর, রাজানগর, ঠান্ডাছড়ি, হোসনাবাদ, কোদালা, পোমরা, বেতাগী, সরফভাটা ও বাঙ্গালহালিয়া এলাকার অন্তত শতাধিক ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হয়। তাই ইটভাটার চুল্লিতে আগুন দেওয়া জন্য আগে থেকেই কাঠ মজুদ করা হচ্ছে।

চন্দ্রঘোনা রাইখালী ফেরি দিয়ে রাজস্থলী ও কাপ্তাই পাল্পউড বাগানের সংরক্ষিত বনাঞ্চল ও রাঙ্গুনিয়া রেঞ্জের খুরুশিয়া দশমাইল এলাকা থেকেও চন্দ্রঘোনা হয়ে হোসনাবাদ নিশ্চিন্তাপুরের নয়টি ইটভাটায় কাঠ পাচার হয়। এ ছাড়া, রাঙ্গুনিয়া রেঞ্জের রানীরহাট, ইসলামপুর, কোদালার, পদুয়া, সরফভাটার চিরিঙা ও পোমরার বন থেকেও কাঠ পাচার হচ্ছে সমানে।

স্থানীয় লোকজন জানান, এভাবে প্রতিদিন শতাধিক চাঁদের গাড়ি করে ১৫ লক্ষাধিক টাকার জ্বালানি কাঠ বিভিন্ন ইটভাটায় ঢুকছে। রাঙ্গুনিয়া ছাড়াও পার্শ্ববর্তী কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকেও প্রচুর কাঠ পাচার হয়ে আসছে ভাটাগুলোতে। আর এতে শতাধিক কাঠ ব্যবসায়ী জড়িত। বনবিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে প্রকাশ্যে কাঠ পাচার ও পোড়ানো সম্ভব হতো না বলে তাঁরা মন্তব্য করেন।

তাঁদের আশঙ্কা, এভাবে কাঠ পাচার ও পোড়ানো চলতে থাকলে সংশ্লিষ্ট এলাকার বনাঞ্চল অচিরেই বৃক্ষশূন্য হয়ে যাবে এবং এতে পরিবেশ হুমকির মুখে পড়বে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্রে জানা যায়, শতাধিক জ্বালানি কাঠ পাচারকারী ব্যক্তিরা সিন্ডিকেট গঠন করে রাঙ্গুনিয়া ইটভাটাগুলোতে জ্বালানি কাঠ পাচার করছে। ব্যাপক লাভবানে জ্বালানি কাঠ ব্যবসায় হওয়ায় ইট তৈরির তিনমাসের মৌসুমে ব্যাপক অর্থ ভিত্তের মালিক হচ্ছে বলে জানায়। পাশাপাশি রাঙ্গুনিয়ার বন উজাড় করে ন্যাড়া পাহাড়ে পরিণত হচ্ছে।

স্থানীয় পরিবেশবিদরা জানিয়েছেন, রাঙ্গুনিয়ায় বনাঞ্চল উজাড় করে কাঠ পুড়ানোর কারণে প্রতিবছর উপজেলার সার্বিক পরিবেশ বিষিয়ে উঠে। এতে ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির দিকে ধাবিতে হচ্ছে এই উপজেলা। অভিলম্বে কাঠ পুড়ানো বন্ধ করা না হলে রাঙ্গুনিয়ায় পরিবেশ রক্ষা করা অসম্ভব হয়ে ওঠবে বলেও এই সময় জানানো হয়। স্থানীয়রা কাঠ পুড়ানো এই মহাউৎসব বন্ধ করার জন্য অচিরেই ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান পরিচালনার জোর দাবী জানিয়েছেন।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় সংরক্ষিত বনাঞ্চলের কাঠ ইটভাটায় যাওয়ার অভিযোগ সম্পর্কে জানান, অবৈধ কাঠ পাচার রোধে আমরা সবসময় তৎপর। এই ধরণের অবৈধ কাঠ পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post