‘১০৫০ জনের বিপরীতে সিএমপিতে একজন পুলিশ’

আপডেট: ৫ নভেম্বর ২০১৬ ৬:২৭ অপরাহ্ন

ikbal-bahar

চট্টগ্রাম ::: নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেছেন, ৭০ লাখ মানুষের এই চট্টগ্রাম নগরীতে পুলিশের সংখ্যা মাত্র ৬ হাজার ৭০০ জন। সে হিসেবে ১ হাজার ৫০ জন মানুষের বিপরীতে একজন পুলিশ।

আজ শনিবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অথচ ৩৮ বছর আগে যখন চট্টগ্রাম মহানগর পুলিশের জন্ম হয়েছিল তখন ৩ হাজার জনবল নিয়ে ১০ লাখ মানুষের নিরাপত্তা দিয়েছিল পুলিশ। অর্থাৎ ৩৩০ জন মানুষের বিপরীতে একজন পুলিশ ছিল। সেজন্য আমরা কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করেছি। এটার সুফল জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৩ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা অধ্যাপক ড. সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল আলম, মঞ্জুর আলম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ, কফিল ‍উদ্দিন প্রমুখ। এতে অন্যদের মধ্যে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post