অনলাইন ডেস্ক :: ছাত্রদেরও এবার কর দিতে বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘কর দেয়ার জন্য কোনো বয়স লাগে না। যেকোনো বয়সে কর দেয়া যায়। ছাত্রদের মধ্যে যাদের কর দেয়ার সক্ষমতা আছে তারা যেন কর দেয়।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর নিজস্ব ভবনে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি আগামী ২০১৮ ও ১৯ অর্থবছরে ৫ লাখ কোটির টাকার জাতীয় বাজেট উপস্থাপন করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করদাতা তৈরির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা গত চার মাসে সফল হয়েছে।’
তিনি বলেন, ‘এখন মানুষ অনেক সভ্য হয়েছে। জীবনের মানোন্নয়নের জন্য কর নেওয়া হয়। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন সে স্বপ্ন এখন তিনিও দেখেন। তিনি আরও বলেন, জনগণ এখন স্ব ইচ্ছায় কর দেয়। এ কারণে নতুন করদাতা বাড়ছে।’
এসময় তিনি কর দেওয়াকে এখন বাহাদুরির বিষয় বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

