চট্টগ্রাম :: চট্টগ্রাম বন্দর থানার বন্দরের তিন নম্বর গেইটে এলাকায় মঙ্গলবার বিকেল ৪ টার দিকে আনন্দ বড়ুয়া (২২) নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনন্দ বড়ুয়া বন্দর থানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।
ওসি জানিয়েছেন, কনস্টেবল আনন্দ বড়ুয়া নিজেই তার রাইফেল দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া জানান, আহত কনস্টেবলকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আবেদন করেও ছুটি না মেলায় ক্ষুব্ধ হয়ে আনন্দ বড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন এএসআই পংকজ বড়ুয়া।
এদিকে গুলির শব্দে বন্দরের তিন নম্বর গেইট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আশপাশ থেকে লোকজন মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয়। ঘটনাস্থলে বন্দর থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। আনন্দকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মকর্তারা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

