আউটার রিং রোডে তাহমিনা এন্টারপ্রাইজের বাসের ধাক্কায় গুরুতর আহত জেলে

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১ শুক্রবার ০১:০০ এএম

চট্টগ্রামের বন্দর থানার আউটার রিং রোড এলাকায় তাহমিনা এন্টারপ্রাইজের বাসের ধাক্কায় কামাল ফরাজি (৩৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গাড়িটি হেফাজতে নিয়ে চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিটি আউটার রিং রোডের ধুমপাড়া স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত কামাল ফরাজি ভোলা সদর থানার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেলু ফরাজির পুত্র। তিনি পেশায় জেলে। সাগড়ে মাছ আহরণে যাওয়ার নৌকাতেই তিনি রাত্রী যাপন করেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহরুখ সায়েল নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র বলেন, ‘ওই ব্যক্তি বেরিবাঁধে উঠে কেবল দাঁড়ানো মাত্রই ডান পাশ থেকে দ্রুতগতিতে আসা তাহমিনা এন্টারপ্রাইজের একটি বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে এবং মারাত্মক যখম হয়।’

তিনি বলেন, ‘স্থানীয়দের সহায়তায় আমরা তাকে ধরাধরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাই। পরে থানায় বিষয়টি অবগত করলে তারা এসে গাড়িটি আটক করে এবং ড্রাইভারকে তাদের হেফাজতে নেয়।’

ঘটনাস্থলে থাকা বন্দর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি এবং চালককে আমাদের হেফাজতে নিই। আহত বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে, বিপরীত পাশ থেকে আসা একটি গাড়ির হেডলাইটের আলো চোখে এসে পড়ায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।’— যোগ করেন তিনি।

সিএস

Print This Post Print This Post