নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২১ বুধবার ০৫:৩০ পিএম
অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ৫ লাখ ৪২ হাজার মানুষ। আর যারা কোভিশিল্ডের এই প্রথম ডোজ যারা নিয়েছেন তারা শুধুমাত্র ভ্যাকসিন কার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন সিটি কর্পোরেশনের যে কোন কেন্দ্র থেকে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পর্যাপ্ত সরবরাহ থাকায় দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ জনগণকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার জন্যেই এই পদক্ষেপ।
মঙ্গলবার (৩১ আগস্ট) চট্টগ্রাম ও ঢাকাসহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য ডা. মো শামসুল হক।
ওই চিঠিতে বলা হয়েছে— গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও ভ্যাকসিন সরবরাহে স্বল্পতার কারণে নিবন্ধনকারী জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন।
বর্তমানে এই ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ থাকায় দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ জনগণকে দ্রুত এই ভ্যাকসিন দেওয়ার এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা বাড়ি পরিদর্শনের সময় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন থেকে বাদ পড়া ব্যক্তিদের ভ্যাকসিনের কথা জানাবেন এবং দ্রুত ভ্যাকসিন নিতে উৎসাহিত করবেন।
চিঠিতে আরও বলা হয়, সরবরাহ করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ ভ্যাকসিনও দিতে হবে এবং আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া শেষ করতে হবে।
সিএস
Print This Post
