সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১ এপ্রিল, ২০২১ বৃহস্পতিবার ০৭:১০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফৌজদারহাট-বায়োজিদ বোস্তামী সড়কের (বাংলা বাজার অংশে) ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
নিহত জসিম উপজেলার পুর্ব মুরাদপুরের পেশকার পাড়া এলাকার মো. কবির উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জসিম মোটর সাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে ফেরার পথে ফৌজদারহাট-বায়োজিদ সড়কে একটি ড্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী বলেন, ‘ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। আমরা ঘটনাস্থলে থেকে তাঁর লাশ উদ্ধার করি। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে।’ এব্যাপারে আইনগত ব্যববস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এনএকে/আরএইচ
Print This Post
