প্রতিবাদ সমাবেশ, থানায় জিডি

‘মুজিব মানেই বাংলাদেশ’ নামের ব্যানার সরিয়ে ব্যক্তির ব্যানার, দুই যুবক গ্রেপ্তার

আপডেট: ২৯ মার্চ ২০২১ ৮:০৮ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ মার্চ, ২০২১ সোমবার ০৮:০৮

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘মুজিব মানেই বাংলাদেশ’ শিরোনামের একটি ব্যানার সরিয়ে ব্যক্তি প্রচারণার ব্যানার লাগানোর চেষ্টার সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— ভোলার দৌলতখান থানার দক্ষিণ জয়নগর এলাকার ছাদেক হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫) ও কুমিল্লার বরুরা থানার নোয়া পাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)।

এ ঘটনায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমদ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।

এদিকে, ঘটনার পর শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সাতকানিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রামপুর এলাকায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান।

এছাড়া এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার কেরানীহাট মধুবন কনফেকশনারী দোকানের ছাদের উপর বিলবোর্ডে ঘটনার আগে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ‘মুজিব মানেই বাংলাদেশ’ শীর্ষক নামে একটি ব্যানার লাগানো ছিল। ঘটনার দিন সকালে অপরিচিত দুই যুবক ব্যানারটি খুলে ফেলছে এমন খবর পেয়ে স্থানীয় কেঁওচিয়া ইউ.পি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে জনতা কর্তৃক ধৃত ওই দুই যুবককে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতার হওয়া দুই যুবকের কাছে থাকা অন্য একটি ব্যানারও জব্দ করেছে সাতকানিয়া থানা পুলিশ। এই ব্যানারে সাতকানিয়া-লোহাগাডা আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নাম ও ছবি ছিল অথচ ঘটনাস্থল তাঁর সংসদীয় এলাকা নয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘মুজিব মানেই বাংলাদেশ নামে একটি ব্যানার বিলবোর্ড থেকে নামিয়ে ফেলার চেষ্টার অপরাধে দুই যুবককে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। জব্দ করা হয়েছে ব্যক্তি প্রচারণার একটি ব্যানার।’

এঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাতকানিয়া উপজেলা সভাপতি শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রবীর পাল। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

জেইউএইচ/আরএইচ

Print This Post Print This Post