চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে হু হু করে, একদিনে শনাক্ত ২৭২

আপডেট: ২৩ মার্চ ২০২১ ১১:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ মার্চ, ২০২১ মঙ্গলবার ১২:৫০ এএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৯৪৮টি নমুনা পরীক্ষায় আরও ২৭২ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৩ জনে। তবে এদিন কেউ মৃত্যুবরণ করেনি।

মঙ্গলবার  (২৩ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে এসব জানা যায়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৩ জন। মোট মারা গেছেন ৩৮৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  নমুনা পরীক্ষায় ২৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরে ২৩৪ জন এবং উপজেলায় ৩৮ জন।

এদিকে করোনার ঝুঁকি মোকাবিলায় এবং সংক্রমণ রোধে চট্টগ্রামের ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ সব অনুষ্ঠানে একশ’জনের বেশি অতিথির সমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সংক্রমণ এড়াতে এবার চট্টগ্রামের তিন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হবে বলেও জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।

সিএস

Print This Post Print This Post