করোনা ঝুঁকি

চট্টগ্রামে ক্লাব-কমিউনিটি সেন্টারে একশ’র বেশি অতিথি নয়

আপডেট: ২১ মার্চ ২০২১ ৬:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মার্চ, ২০২১ রবিবার ০৬:২০ পিএম

করোনার ঝুঁকি মোকাবিলায় এবং সংক্রমণ রোধে চট্টগ্রামের ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ সব অনুষ্ঠানে একশ’জনের বেশি অতিথির সমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রবিবার (২১ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মমিনুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে সমুদ্রসৈকত, পার্ক, বিনোদন কেন্দ্র ও অন্যান্য দর্শনীয় স্থানে জেলার প্রশাসনের মেবাইল কোর্ট অভিযানের পাশাপাশি অভিযান চলাকালে মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে।’

জেলা প্রশাসক বলেন, ‘যেসব সরকারি কর্মকর্তার অফিস নেই কিংবা জরাজীর্ণ অফিস রয়েছে তাদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একই ভবনে অফিস করার উদ্যোগ নেওয়া হয়েছে’

তিনি আরও বলেন, ‘সীমিত পরিসরে অনুষ্ঠান চলাকালে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রকাশ্য স্থানে সভা-সমাবেশ, ওরশ, মিলাদ মাহফিল, মহোৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে কমিউনিটি সেন্টার ও হোটেল-রেস্টুরেন্ট মালিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো. মশিউদ্দৌলা রেজা, জেলা আনসার কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ।

এ সময় চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/সিএস

Print This Post Print This Post