সেন্টমার্টিনের রিসোর্টে পর্যটকের লাশ, মুখে ছিল ফেনা

আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১ ৮:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার ০৮:১০ পিএম

কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিনে একটি রিসোর্ট থেকে বাদশা ওরফে বাচ্চু মিয়া নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে তার।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দ্বীপের নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজের ১৭ নম্বার রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা ওরফে বাচ্চু মিয়া ঢাকার ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে কাজ করতেন।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদুর রহমান জানান, দ্বীপের নীল দিগন্ত রিসোর্ট থেকে এক পর্যটকের লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে তার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নীল দিগন্ত রিসোর্টের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর জানান, ২১ ফেব্রুয়ারি ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ৮ জনের একটি টিম সেন্টমার্টিনে ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টের ছায়াবিথী কটেজে ওঠেন। ওই দিন বিকেলে বাচ্চু মিয়ার বুকে ব্যথা উঠলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে তার এক সহকর্মী ডাকতে গেলে তার মুখে ফেনা দেখে অন্যদের ডাকেন। পরে অন্যরা এসে দেখেন বাচ্চু মিয়া মারা গেছে।

এসএ

Print This Post Print This Post