রবিবার চট্টগ্রামের ৩ পৌরসভায় ভোটযুদ্ধ

আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২১ ১২:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক| আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ১২:৪০ পিএম

চতুর্থ ধাপে চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ এবং সাতকানিয়া পৌরসভায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। পটিয়ার সব কেন্দ্রে ইভিএমে এবং চন্দনাইশ-সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এ তিন পৌরসভায়।

পটিয়া পৌরসভা

পটিয়া পৌরসভায় ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।

পটিয়ায় মোট ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। সেখানে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোটগ্রহণ হবে।

পটিয়া পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন চারজন। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আইয়ুব বাবুল, ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীক নিয়ে সামশুল আলম মাস্টার, মোমবাতি প্রতীক নিয়ে আলী হোসাইন নির্বাচন করছেন।

চন্দনাইশ পৌরসভা

চন্দনাইশ পৌরসভায় ৯টি ওয়ার্ড এবং ১৬টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ৮৩টি। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯৯৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৯৯ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭৯৮ জন।

নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মাহাবুবুল আলম খোকা, বিএনপি মনোনীত মাহাবুবুল আলম চৌধুরী, এলডিপি মনোনীত এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্ট মনোনীত ফারুক বাহাদুর। এবার এ পৌরসভায় ৪৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৯ জন নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

সাতকানিয়া পৌরসভা

সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী এ জেড এম মঈনুল হক চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোহাম্মদ জোবায়ের বেসরকারিভাবে নির্বাচিত হন।

এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী নির্বাচন করছেন। সাতকানিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩৭ হাজার ৫৪০ জন ভোটার। এরমধ্যে ১৯ হাজার ৬২২ জন পুরুষ ও ১৭ হাজার ৯১৮ জন মহিলা ভোটার।

আরএইচ

Print This Post Print This Post