নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ১১:৩০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় মো. সালাউদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলে পাড়ার রফিক কলোনীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
নিহত মো. সালাউদ্দিন পেশায় একজন রিকশাচালক। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার নুর সোনাপুর গ্রামের সুরের বাঁশির পুত্র। তার স্ত্রীসহ তিনি ভাড়া বাসায় বসবাস করতেন৷ পাশের একটি রুমেই বসবাস করতেন তার শাশুড়ি। নিহত সালাউদ্দিনের স্ত্রী স্থানীয় একটি ঝুট ফ্যাক্টরিতে কাজ করেন।
নিহতের শাশুড়ি জরিনা বেগম বলেন, ‘একই কলোনিতে পাশের একটি রুমেই আমার মেয়ে জামাইসহ থাকে। সকাল ৬টার দিকে আমার মেয়ে এবং তার জামাই একসাথে সকালের নাস্তা শেষ করে। সাড়ে ৬টার দিকে আমার মেয়ে কাজে চলে যায়। তখন আমার মেয়ের জামাই রুমে একা ছিল।’
‘হঠাৎ ইনচার্জ এসে আমাকে জানায় আমার মেয়ে জামাই বাহির থেকে খিড়কি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’—যোগ করেন জরিনা বেগম।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অপারেশন অফিসার মনিরুল ইসলাম বলেন, ‘মুসলিমাবাদের জেলেপাড়ার ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সালাউদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
সিএস/আরএইচ
Print This Post
