চট্টগ্রামে সর্বপ্রথম করোনার টিকা নেবেন নওফেল

আপডেট: ৭ ফেব্রুয়ারী ২০২১ ৩:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৯:০০ এএম

চট্টগ্রামে সর্বপ্রথম করোনার টিকা নেবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিজেই টিকা নিয়ে চট্টগ্রামে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এরপর দায়িত্বশীল বেশ কয়েকজন কর্মকর্তা টিকা নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

এই তালিকায় থাকছেন— চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি প্রমুখ। দায়িত্বশীলদের টিকা গ্রহণের পর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ অগ্রাধিকার তালিকাভুক্তরাও টিকা পাবেন।

চট্টগ্রাম নগরের সাত জোন ও ১৪ উপজেলায় করোনাভাইরাসের ভ্যাকসিন বণ্টন শেষ হয়েছে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি)। সর্বশেষ প্রায় চার হাজার সদস্যদের জন্য ভ্যাকসিন বুঝে নিয়েছেন চট্টগ্রাম সেনানিবাসের কর্মকর্তারা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সব মিলিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ। বাকি ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে চট্টগ্রামের ১৪ উপজেলার জন্য।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরে ৬০ লাখ মানুষের বাস। আমাদের বরাদ্দ ১ লাখ ৫৪ হাজার। রবিবার চমেক হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাঁদের টিকা দেয়া শুরু হবে। ১০টি বুথে এ কার্যক্রম চলবে। এদিন জেনারেল হাসপাতালেও ছোট পরিসরে টিকা দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে নেভি হাসপাতালসহ বাকি ছয়টি জোনে টিকা কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে বলব, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে টিকা নিন। যেকোনো ধরনের অবস্থার জন্য আমরা প্রস্তুত আছি। যিনিই টিকা নেবেন তাকে আমরা এক ঘণ্টা আমাদের পর্যবেক্ষণে রাখব। এছাড়া টিকা দেয়ার আগেই গ্রহীতার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চট্টগ্রাম নগরে প্রাথমিকভাবে ১৫টি কেন্দ্র চূড়ান্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের করোনা ভ্যাকসিন প্রদান কমিটি। এই ১৫ কেন্দ্রে করোনার টিকা দিতে নিয়োজিত থাকবে ৪২টি টিম। প্রতিটি টিমে থাকবেন ছয়জন করে সদস্য। এর মধ্যে দুজন মিড ওয়াইফ, স্টাফ নার্স বা সিনিয়র স্টাফ নার্স এবং চারজন থাকবেন স্বেচ্ছাসেবক।

আরএইচ/সিএস

Print This Post Print This Post