বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ৬ই ফেব্রুয়ারি, ২০২১ শনিবার ১০:০০ পিএম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক গাড়ির চালক পলাতক রয়েছে। ট্রাকটিও জব্দ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালিপুর ইউনিয়নের রামদাস মুন্সিরহাট নুরজাহান কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত বাবুল মিয়া (৪০) উপজেলার কালিপুর ৮ নম্বর ওয়ার্ডের শাহ্ বাহাদুর শাহ্ (রঃ) এর মাজার এলাকার কালু মিঞার পুত্র। তিনি পেশায় ইলেকট্রনিক ও টাইলস মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রামদাশ মুন্সীর হাটের নুরজাহান কনভেনশন হলের সামনে লবণ বোঝাই একটি ট্রাক বাবুলের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালীর রামদাস মুন্সিরহাট ফাঁড়ির ইনর্চাজ মোস্তাফা কামাল মুঠোফোনে সিটিজিসানকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সে কালিপুর ইউপি চেয়ারম্যানের নিকটাত্মীয়। নিহতের পরিবার যেহেতু মামলা করবে না, সেহেতু লাশ হস্তান্তর করা হবে।’
তিনি বলেন ‘এ ঘটনায় ট্রাক গাড়ির চালক পলাতক রয়েছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।’
প্রতিনিয়ত এই সমস্যার সমাধান কি?—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দক্ষিণ বাঁশখালী থেকে লবণের গাড়ি চলাচলের জন্য রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। তাই এমন ঘটনা ঘটে চলেছে। তবে আপনারা একটু লেখালেখি করলে হয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে৷’।
এমবিইউ/আরএইচ
Print This Post
