নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১ মঙ্গলবার ১২:৩০ পিএম
বছর দুই আগে ছাড়াছাড়ি হয় মা-বাবার। এরপরই কলেজ পড়ুয়া জেসমিন আক্তার রিমি তার মা জুলেখা বেগম ও ভাই জাহেদুল ইসলামকে নিয়ে মানিকছড়িতে এসে ভাড়াবাসায় বসবাস করতে শুরু করেন। ছেলে মেয়েদের ভরণ-পোষণে মা এক পর্যায়ে বিদেশে পাড়ি জমান। এদিকে মা-বাবার অনুপস্থিতে পাশের এলাকার ছেলের সঙ্গে রিমির গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এবং হয় পরিণয়। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও কপালে সুখ জোটেনি রিমির। এক পর্যায়ে বেছে নেন আত্মহত্যার পথ।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে মানিকছড়ির মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নববধূ জেসমিন আক্তার রিমি (২৫)।
নিহত জেসমিন আক্তার রিমি লক্ষীছড়ির শীলছড়ি গ্রামের আলমগীর হোসেন ও জুলেখা দম্পতির একমাত্র মেয়ে।
জানা যায়, বিয়ের পরই ভাড়া বাসায় সংসারও শুরু করেন জেসমিন-জুনায়েদ। কিন্তু বিষয়টি জানাজানি হলে জুনায়েদ হোসেনের প্রভাবশালী পরিবার বিয়ে মেনে না নিয়ে পুত্রবধূর কাছ থেকে ছেলেকে সরিয়ে নিতে নানা কূটকৌশল অবলম্বন করেন।
এছাড়া কাবিননামায় উল্লেখিত অর্থ ছাড়াও মোটা অংকের টাকার বিনিময়ে হলেও জেসমিনকে তালাক দিতে ছেলের ওপর চাপ অব্যাহত রাখেন।
এক পর্যায়ে জোনায়েদ হোসেন আত্মগোপন করেন। এ খবর জানতে পেরে স্বামীকে ফিরে পেতে সুয়াবিল গিয়ে বৈঠকে বসেও স্বামীর অধিকার পেতে ব্যর্থ হন নববধূ জেসমিন আক্তার রিমি।
বারবার অপমানিত হয়ে ও শ্বশুরবাড়ির অমানবিক আচরণে সোমবার (১৮ জানুয়ারী) রাতে মানিকছড়ির মাস্টার পাড়ার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিমি।
দীর্ঘক্ষণ ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে জেসমিনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আলমগীর হোসেন বলেন, ২ বছর আগে আমার ১ম স্ত্রী জোলেখার ডিভোর্স হয়ে যায়। পরে আমার এক মেয়ে-ছেলেকে নিয়ে সে মানিকছড়িতে থাকতে শুরু করে। এক পর্যায়ে সে (স্ত্রী) বিদেশে পাড়ি জমায়। গতকাল আমার মেয়ের অকাল মৃত্যুর খবর পেয়েছি। সত্যি আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, শ্বশুরবাড়ির কেউ এ বিয়ে মেনে না নেয়ায় স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়ে রাগে ক্ষোভে রিমি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আরএইচ/সিএস
Print This Post
