কিশোর গ্যাং ‘লিডার’ হামকা রাজু র‍্যাবের জালে

আপডেট: ৪ নভেম্বর ২০২০ ৪:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ নভেম্বর, ২০২০ বুধবার ০৪:০০ পিএম

কিশোর গ্যাং লিডার মো. রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩০)। নগরজুড়ে মোটর সাইকেলে ঘুরে ভাসমান ছিনতাই চক্রের দলনেতা সে। এছাড়াও কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথেও জড়িত সে। অবশেষে কৌশলে তাকে ধরতে সক্ষম হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে চাঁন্দগাও থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে হামকা রাজুকে আটক করে র‌্যাব-৭ এর একটি দল। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটক হামকা রাজু চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে।

হামকা রাজু ছাড়াও বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজি, মাদকসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ধামা জুয়েল, ল্যাংড়া রিফাত, রনি সরকার, ইমন বড়ুয়া (বর্তমানে কারাগারে আছে), ফ্রুট সোহেল ও রুবেল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বহদ্দারহাট এলাকার সন্ত্রাসী ও কিশোর গ্যাংলিডার মো. রাজু বাদশা প্রকাশ হামকা রাজুকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাকে চাঁন্দগাও থানায় হস্তাস্তর করা হয়েছে।’

র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘হামকা রাজুর বিরুদ্ধে ছিনতাই, হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কিশোরগ্যাং পরিচালনা ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।’

সম্প্রতি চাঁদার জন্য খাজা রোডে একটি টেক্সি স্ট্যান্ডে হামলা চালায় হামকা রাজু ও তার গ্রুপ। সিএনজি অটোরিকশা চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয় হামকা রাজু।

শিশির/আরএইচ

Print This Post Print This Post