সিডিএর নকশা অনুসরণ না করেই ভবন নির্মাণ, কারাগারে দুই ভবন মালিক

আপডেট: ২ নভেম্বর ২০২০ ৬:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০৬:০০ পিএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নকশা অনুসরণ না করে ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২ নভেম্বর) দুই ভবন মালিক আদালতে আত্মসমর্পণ করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাঁরা হলেন- নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ বলেন, ‘জসিম উদ্দিন ভূঁইয়া এবং কহিনুর বেগম সিডিএ থেকে ২টি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমোদন নেন। কিন্তু তাঁরা নকশা বহির্ভূতভাবে একটি ভবন ৬ তলার পরিবর্তে ৮ তলা এবং অন্যটি ৬ তলার পরিবর্তে ১১ তলা নির্মাণ করেন। অথারাইজেশন বিভাগ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন।’

ফয়েজ আহমদ বলেন, ‘আদালত মামলা দুটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আরএইচ

Print This Post Print This Post