নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০২:২৩ পিএম
‘সাংবাদিক হিসেবে তুই অখ্যাত, তোর জীবনেরও কোন নিরাপত্তা নেই। কেন তুই এই জাতীয় রিপোর্ট করলি? কেন সাংবাদিক হিসেবে কাজ করিস? তুই সাংবাদিকতা ছেড়ে দে। তোর মত সাংবাদিকদের মেরে ফেললে আমাদের কিছুই হবেনা।’— দুর্বৃত্তরা ছেড়ে দেওয়ার আগে এসব কথা বলেছিলো অপহৃত সাংবাদিক গোলাম সরোয়ারকে।
রবিবার (১ নভেম্বর) রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার একটি খালের পাশের ঝোপঝাড় থেকে সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারের পর চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর সাথে কথা হয় এই প্রতিবেদকের সাথে।
গোলাম সরোয়ার বলেন, ‘আমি পাঠাও রাইড ব্যবহার করে কাজির দেউরি থেকে চন্দনাইশে যাচ্ছিলাম আমার গ্রামের বাড়িতে। ওই মোটরসাইকেলে হঠাৎ জোরপূর্বক একজন অজ্ঞাত ব্যক্তি উঠে আমাকে হেলমেট পড়িয়ে দেয় এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। তবে এটুকু ক্ষেয়াল আছে আমাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিলো।’
তিনি বলেন, ‘আমার যখন হুঁশ ফিরে আমি দেখতে পাই আমার হাত-পা বাধা। আর আমাকে যে রুমে রাখা হয়েছিল সেটি একটি অন্ধকার রুম ছিল। সেখানে টানা চারদিন আমাকে রড এবং গাছ দিয়ে মুখোশধারী কয়েকজন মারধর করতো।’
সাংবাদিক সরোয়ার বলেন, ‘আমাকে শুধু রুটি এবং পানি দেওয়া হয়েছিল খেতে। দুর্বৃত্তরা আমার কানে তুলা দিয়ে রেখেছিল যাতে আমি চারপাশের শব্দ শুনতে না পাই। তবে কখনও কখনও রুম থেকে ট্রেনের শব্দ শুনতে পেতাম।’
‘আমাকে সাংবাদিকতা ছেড়ে দিতে বলে তাঁরা বলে আমার মত সাংবাদিকদের হত্যা করলে তাঁদের কিছুই হবেনা।’— যোগ করেন গোলাম সরোয়ার।
বর্তমানে গোলাম সরোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়ার্ডের এইচডিইউ ইউনিটে ভর্তি আছেন। রাত ১০টার দিকে তিনি কিছুটা স্বাভাবিক হয়েছেন এবং হালকা কথাও বলছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরওয়ার।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।
গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘সাংবাদিক সরোয়ারের অপহরণের পেছনে যে বা যাঁরা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তার জন্য যা যা করণীয় সব করা হবে। তবে বিষয়টি আরও তদন্ত করা হবে।’
রবিউল/সিএস
Print This Post
