ভাতের সাথে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে সন্তানদের খাওয়ালেন মা

আপডেট: ১ নভেম্বর ২০২০ ২:৫৮ অপরাহ্ন

সিএস ডেস্ক | আপডেট : ১ নভেম্বর, ২০২০ রবিবার ০২:৫০ পিএম

পারিবারিক কলহের জেরে ভাতের সঙ্গে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে নিজে খেয়ে সন্তানদেরও খাইয়েছেন মা। পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হলে ওই গৃহবধূর মৃত্যু হয়। বর্তমানে তার দুই শিশু সন্তান মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।-এমন ঘটনা পাবনার সুজানগর গ্রামের। ওই গৃহবধূর নাম রুমা খাতুন (৩২)।

শনিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার ভায়না ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ নিজে বিষপান করার পর তার সন্তানদেরও বিষপান করিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রুমা ওই গ্রামের বাচ্চু মন্ডলের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে তিনি নিজে ভাতের মধ্যে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে খান। এ সময় তার ১০ বছর ও ১৩ বছরের দুই ছেলেকেও বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে খাওয়ান তিনি।

রাত ৯টার দিকে তার স্বজনরা বিষয়টি টের পান। তারা রুমা ও তার দুই সন্তানকে উদ্ধার করে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।

এছাড়া তার দু’ সন্তানের অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানেও চিকিৎসকরা তাদের অবস্থা আশংকাজনক বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই ২ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বাচ্চু মন্ডলের সঙ্গে তার কিছু স্বজনের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কোন্দল চলছিল।

পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ বিষপান করার পর দুই সন্তানকেও বিষপান করাতে পারেন।

হাসপাতালের বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাতে হাসপাতালে নিয়ে আসার পর দুই শিশু বমি করে। বমির সঙ্গে এক ধরনের ট্যাবলেট বের হয়। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিএস

Print This Post Print This Post