বর্জ অপসারণে চসিকে যুক্ত হলো আধুনিক স্যুইপিং ট্রাক

আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ৭:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ বুধবার ০৭:০০ পিএম

আধুনিক পদ্ধতিতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরুর লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) যুক্ত হলো তিনটি আধুনিক ভ্যাকুয়াম টাইপ রোড সুইপার ট্রাক। ইতালি থেকে আনা এক একটি ট্রাক দিয়ে অন্তত ১২ কিলোমিটার রাস্তা পরিষ্কার করা যাবে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নগরের জিইসি মোড় ও দেওয়ানহাট মোড়ে আধুনিক স্যুইপিং ট্রাকের কার্যক্রম উদ্বোধন করেন।

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘চট্টগ্রাম নগরীকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের এ উদ্যোগ। নতুন এ যন্ত্রের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার নতুনমাত্রা যোগ হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিচ্ছন্নতা কাজ আরও ত্বরান্বিত করতে পুরনো পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে যুক্ত হলো এই আধুনিক স্যুইপিং ট্রাক।’

প্রসাশক বলেন, ‘২০ জন পরিচ্ছন্ন-কর্মী এক সঙ্গে যে কাজ করতে পারবে, তার চেয়েও বেশি পরিচ্ছন্নতা কাজ করার সক্ষমতা রাখে একটি ট্রাক। ইতালি থেকে আনা এক একটি ট্রাক দিয়ে অন্তত ১২ কিলোমিটার রাস্তা পরিষ্কার করতে পারবে। ট্রাকের যন্ত্রটি মুহূর্তের মধ্যে রাস্তার ধুলোবালি-বর্জ্য পাইপ দিয়ে তুলে নিবে।’

এর সঙ্গে আলাদা পানির ট্যাংকও যুক্ত আছে জানিয়ে তিনি বলেন, ‘আবর্জনা আনলোডের পর গাড়ির পানি দিয়ে গাড়িটি ধুয়ে ফেলার সুযোগ রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া, মির্জা ফজলুল কাদের, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

আরএইচ

Print This Post Print This Post