কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল

আপডেট: ৮ অক্টোবর ২০২০ ১:১৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক | আপডেট : ৮ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ১১:৪০ এএম

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-শাবাহ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে বর্তমানে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-শাবাহ’র নাম ঘোষণা করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার উপসাগরীয় দেশটির নতুন এই শাসক তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করেন। অবশ্য তার এ মনোনয়নে দেশটির সংসদের ‘অনুমোদন’ লাগবে।

বুধবার কুয়েতের আমির শেখ নওয়াফের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতির উল্লেখ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনার এক অনলাইন প্রতিবেদনে নতুন ক্রাউন প্রিন্স মনোনয়নের খবর জানানো হয়েছে।

ক্রাউন প্রিন্স হিসেবে শেখ মেশালের প্রতি নিজেদের সমর্থন আছে জানিয়ে কুয়েতের শাসক আল-শাবাহ পরিবারের দু’জন সদস্য এর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজেদের অবস্থান ঘোষণা করে বার্তা দেন।

কুয়েতের সবশেষ আমির ও ভাই শেখ শাবাহ আল-আহমাদের মৃত্যুর পর গত সপ্তাহে দেশটির নতুন আমির হিসেবে ক্ষমতায় আরোহণ করেন শেখ নওয়াফ। তার বয়স এখন ৮৩ বছর।

১৯৪০ সালে জন্ম নেয়া শেখ মেশাল সদ্য প্রয়াত আমিরের ছোট ভাই। ২০০৪ সাল থেকে তিনি দেশটির ন্যাশনাল গার্ডে সহকারী প্রধান হিসেবে রয়েছে। এ ছাড়াও নিরাপত্তা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তিনি।

দেশটির সংসদের স্পিকার বলেছেন, আমির বুধবার যেহেতু ক্রাউন প্রিন্সের নাম ঘোষণা করেছেন সেহেতু চলমান সংসদ অধিবেশনের শেষ দিন বৃহস্পতিবার সংসদ সদস্যরা তার পছন্দের ওপর ভোট দেবেন।

Print This Post Print This Post