শাহীন মুরাদ | আপডেট : ৭ অক্টোবর, ২০২০ বুধবার ০৯:০০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার মুসলিমাবাদ সংলগ্ন আউটার রিং রোডে প্রাইভেটকার উল্টে ৬ জন আহত হয়েছে। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কমিশনার খামারবাড়ির পশ্চিমে বেরিবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন পাহাড়তলী থানার বাঁছা মিয়া সড়ক এলাকার বাদশা মিয়া কন্ট্রাক্টরের বাড়ির হাশেম মিয়ার পুত্র মো. শাহরিয়ার সায়িদ সাকিব (২০)। অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে ড্রাইভারের অবস্থা আশংকাজনক বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী চাকুরীজীবী শুভ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ একটা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি রিং রোডের পাশের খাদে একটি প্রাইভেটকার উল্টে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাঁদেরকে গাড়ি থেকে বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশে পাঠাই এবং ৯৯৯ ফোন করে থানায় বিষয়টি অবগত করি।
তিনি জানান, এই সড়কটিতে এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটে। যার কারণ চালকদের বেপরোয়া গাড়ি চালনা। এছাড়া বর্তমানে রাস্তার অপর পাশে সিডিএর কাজ চলমান হওয়ায় সড়কটি ওয়ানওয়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার ফলে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং প্রাইভেটকারটি জব্দ করি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আহতদের চমেকে প্রেরণ করা হয়েছে।’
আরএইচ
Print This Post
