নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ অক্টোবর, ২০২০ বুধবার ০৭:০০ এএম
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে মদ্যপ অবস্থায় চালানো বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন দুই নম্বর গেট অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুইজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার পর পরই ঘাতক প্রাইভেটকারটির চালককে আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে মদের বোতল পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ড্রাইভার মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিলো। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘাতক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকারের ভেতরে মদের বোতল পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
আরএইচ
Print This Post
