চট্টগ্রাম বন্দরে লোহার টুকরো ‘চুরি’ করতে গিয়ে নিহত ১, আহত ৪

আপডেট: ৭ অক্টোবর ২০২০ ১২:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ অক্টোবর, ২০২০ বুধবার ১২:০৩ এএম

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় চুরি করে দেয়াল টপকে পালাতে গিয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও চার জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শামীমের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, বন্দর থেকে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে শামীম নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চার জন চিকিৎসাধীন রয়েছেন।রা

চিকিৎসাধীন চারজন হলেন— মো. জসীম, মো. ফারুক, মো. শফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম।

বন্দর কর্মকর্তারা জানান, পাঁচ জনের কাছ থেকে ৫৩ বোতল বিদেশি মদ, দুটি চাপাতি, একটি কার্টার, আট পিস ইয়াবা বড়ি, ৫০০ কেজি পুরনো লোহার টুকরো ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুরনো লোহার টুকরো চুরি করে বন্দর থেকে বাইরে নেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস এর নিলাম গোলায় এই পাঁচ জন পুরনো লোহার টুকরো চুরির চেষ্টা করছিলেন। সিসিটিভিতে বিষয়টি দেখতে পেয়ে বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা নিলাম গোলা ঘেরাও করে। এ সময় তারা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে আহত হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

আরএইচ

Print This Post Print This Post