নিরাপত্তার চাঁদরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা

আপডেট: ৬ অক্টোবর ২০২০ ১১:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক| আপডেট : ৬ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৯:৩০ পিএম

চট্টগ্রামের ব্যস্ততম এলাকা কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে কেনা-কাটার জন্য। তাই এই এলাকা ঘিরে সক্রিয় অপরাধীরা। এখানে বেশিরভাগ সময় আড্ডা জমায় ছিনতাইকারী, মলমপার্টি এবং কিশোর গ্যাং সদস্যরা। যার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছিলো। কিন্তু এবার নিউমার্কেট এলাকাকে নিরাপত্তার চাঁদরে ঢাকতে আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সিএমপির কোতোয়ালী থানার ফেসবুক পেইজ থেকে নিউমার্কেট এলাকাকে আইপি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণের ছবি পোস্ট করা হয়।

এতে দেখা যায়, এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বসানো হয়েছে এসব আইপি ক্যামেরা। যার দরুন পুরো এলাকায় নিশ্চিত হয়েছে নিরাপত্তা।

ক্যামেরা বসানোর ফলে চুরি-ছিনতাই কমবে জানিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, নিউমার্কেট মোড়ে যেহেতু অনেক মানুষ দূর-দূরান্ত থেকে শপিং করতে বা বিভিন্ন কাজে আসে, সেহেতু এই এলাকায় এমন একটি উদ্যোগ আরও আগেই নেয়া উচিত ছিল। কেননা আমরা ফেসবুক খুললেই এই এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা দেখতে পাই। তবে এখন এসব অপরাধ অনেকাংশেই কমে যাবে বলে ধারণা করছি।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রায়হান আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোতোয়ালী থানার সমসাময়িক উদ্যোগ গুলো খুবই প্রশংসনীয়। সিসি ক্যামেরা বসানোর ফলে এখন অপরাধীরা সতর্ক হয়ে যাবে এবং অপরাধের প্রবণতা কমে যাবে।’

কিশোর গ্যাং কালচার সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের বয়সী কিছু উশৃংখল ছেলেরা প্রায়ই দেখা যায় অপরাধমূলক কাজে জড়াচ্ছে, নেশা করছে বা মারামারি করছে। এসব অপরাধ দমাতে এই উদ্যোগ কার্যকর হবে বলে মনে হচ্ছে।’

এবিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘কোতোয়ালী থানায় আমার অন্যতম স্বপ্ন ছিল প্রতিটি মোড় আইপি ক্যামেরার আওতায় আনা। সেই স্বপ্ন পূরণেই এগিয়ে চলেছি। কোতোয়ালী মোড়ের পর এবার নিউ মার্কেট মোড়ও আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’

শিগগিরই পুরো কোতোয়ালী এলাকা আইপি ক্যামেরার নজরদারিতে আসবে বলেও জানান তিনি।

আরএইচ

Print This Post Print This Post