মোহাম্মদ বেলাল উদ্দিন | আপডেট : ২ অক্টোবর, ২০২০ শুক্রবার ০১:০০ পিএম
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে আমন ধানের ক্ষতিকর পোঁকা-মাকড় দমনে আলোকফাঁদ স্থাপন করা হয়েছে। পাশাপাশি উপকারী পোঁকা সমূহ সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খুদুকখালী ব্লকের কৃষক আমির হোসাইনের ধানি জমিতে এই আলোকফাঁদ স্থাপন করা হয়। আলোকফাঁদ স্থাপন করেন উপ-সহকারী কৃষি অফিসার মো. শহীদ উল্লাহ।
ধানের জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি কেমন আছে— মূলত সেই বিষয়ে সর্তক করার জন্য কৃষকের জমিতে আলোকফাঁদ স্থাপন করা হয়েছে।
আলোকফাঁদ স্থাপনকালে উপস্থিত ছিলেন তারেক, জাকের হোসাইন, মিয়া হোসেন, আহমদ, আরমান, আব্দুল গফুর, এনামসহ ১০-১৫ জন প্রান্তিক কৃষক।
আলোকফাঁদের কাজ কি? এটা স্থাপন করলে কৃষকরা কি কি উপকৃত হবে— এমন প্রশ্নের জবাবে উপ-সহকারী কৃষি অফিসার মো. শহীদ উল্লাহ সিটিজিসানকে বলেন, ‘আলোকফাঁদ স্থাপন করলে ক্ষতিকর পোঁকা-মাকড় আক্রমণ করার আগে প্রস্ততি নেয়া যায়। বিশেষ করে আমন মৌসুমে বাদামী গাছ ফড়িং নামক পোঁকাটি বেশি আক্রমণ করে। বাদামী গাছ ফড়িংকে চট্টগ্রামের কৃষকের ভাষায় “গুণগুণি” পোঁকা বলা হয়।’
তিনি বলেন, ‘ফসলের জন্য ক্ষতিকর পোঁকার উপস্থিতি নির্ণেয় করার জন্য আলোকফাঁদ স্থাপন করা হয়। আজকের স্থাপিত আলোকফাঁদে ক্ষতিকর পোঁকার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।’
আরএইচ
Print This Post
