সার্জেন্টের নামে ভুয়া কেস স্লিপ বানিয়ে প্রতারণা, আটক ইপিজেডের যুবক

আপডেট: ২ অক্টোবর ২০২০ ১১:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ অক্টোবর, ২০২০ শুক্রবার ১১:০০ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত এক সার্জেন্টের নামে ভুয়া কেস স্লিপ বানিয়ে প্রতারণার অভিযোগে তুহিন বড়ুয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছে ওই সার্জেন্ট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মামলাটি (০২) দায়ের করেন সার্জেন্ট বিস্বজিৎ মজুমদার।

আটক তুহিন বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর দক্ষিণ জয়নগর এলাকার বিজয় সেন বড়ুয়ার ছেলে। তিনি ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় বসবাস করেন।

জানা যায়, ২৯ সেপ্টেম্বর হেলমেট না পড়ায় ইপিজেড আলীশাহ মাজারের সামনে তুহিন বড়ুয়াকে থামায় ট্রাফিক বন্দর জোনে কর্মরত সার্জেন্ট আরিফুজ্জামান সরকার।

হেলমেট না পড়া তুহিন বড়ুয়াকে মামলা দেয় সার্জেন্ট আরিফুজ্জামান সরকার। এসময় তুহিন বড়ুয়া সার্জেন্ট আরিফুজ্জামান সরকারকে ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট কুমার বিশ্বজিৎ মজুমদারের সিলমোহরযুক্ত একটি কেস স্লিপ দেখান। বিষয়টি আরিফুজ্জামান সরকার কুমার বিশ্বজিৎ মজুমদারকে জানালে তিনি সেটি ভুয়া বলে জানান।

বৃহস্পতিবার তুহিন বড়ুয়াকে ডেকে এনে কথা বলেন সার্জেন্ট কুমার বিশ্বজিৎ মজুমদার। পরে তার নামে ভুয়া কেস স্লিপ তৈরি করে প্রতারণার অভিযোগ এনে তুহিন বড়ুয়াকে ডবলমুরিং থানায় হস্তান্তর করেন।

সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট কুমার বিশ্বজিৎ মজুমদার বলেন, আমি তুহিন বড়ুয়াকে চিনি না। তিনি আমার নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেছি।

আরএইচ

Print This Post Print This Post