কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২০ ৩:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ০৩:৪০ পিএম

কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার দুই হাঁটুর নিচে কিরিচের কোপ, লোহার রডের আঘাত ও ডান হাতের কব্জিতে ছুরিকাঘাত করা হয়েছ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দিন।

হামলার সময় শাখাওয়াতের সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী আজিজ জানান, প্রতিদিনের মতো তারা সন্ধ্যার পর কলেজ এলাকায় আসেন। আড্ডা শেষে সবাই চলে গেলেও শাখাওয়াতসহ তিনজন নানা বিষয়ে কথা বলেন। আলাপ শেষে রাত সোয়া ১০টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কলেজ গেট পেরিয়ে পূর্ব দিকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত যাওয়ার পরপরই ৭-৮ জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে শাখাওয়াতকে নামায়। তাদের সঙ্গে ধস্তাধস্তি করে ছাড়া পেয়েই পশ্চিম দিকে দৌড়ে পালান শাখাওয়াত। তার পেছনে ধাওয়া করে একই ধরনের পোশাকে থাকা দুর্বৃত্তরা।

এ সময় তাদের হাতে লম্বা কিরিচ, লোহার রড় ও ছুরি ছিল। সাখাওয়াত দৌড়ে কলেজের পশ্চিমপাশের চান্দেরপাড়া সড়কের একটি দালান ঘরের বারান্দায় আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে রড় দিয়ে পেটানোর পর কিরিচ দিয়ে কোপ দেয়। হাতের কব্জি কাটতে ছুরি চালায়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বীরদর্পে পূর্বদিকে চলে যায় হামলাকারীরা। পরে রক্তাক্ত সাখাওয়াতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান জানান, শাখাওয়াতের দুই হাঁটু রড ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের কব্জির নিচে কেটে গেছে। বাম হাতের কব্জির জয়েন্ট ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শাখাওয়াতের বরাত দিয়ে জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দিন জানান, সাংগঠনিক বিষয় নিয়ে বছরখানেক আগে কলেজ ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতা তারেক আজিজের সঙ্গে সাখাওয়াতের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষ বেশ কয়েকবার মুখোমুখি হয়। সাখাওয়াত সদ্য সাবেক হওয়ার সুযোগে প্রাণনাশের লক্ষ্যে তার ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের মধ্যে তারেক আজিজকে চিনতে পেরেছে বলে দাবি করেছে সাখাওয়াত। বাকিরা পেশাদার ক্যাডার বলে ধারণা তার। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

কক্সবাজার সদর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, খবরটি জেনেছি। তবে এখনও লিখিত কোনো অভিযোগ হাতে আসেনি। এরপরও হামলাকারীদের শনাক্ত ও ঘটনার মূল কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সিএস

Print This Post Print This Post