শাহ আমানতে যাত্রীর কাছ থেকে ২ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ২:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার ১০:০০ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৯৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ২ হাজার টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) এয়ার এরাবিয়ার জি৯-৫২১ ফ্লাইটের মোহাম্মদ শফিকুল হক নামে এক যাত্রীর ব্যাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

বিমানবন্দর সূত্রে জানায়, বৈশ্বিক মহামারী করোনার প্রভাব কমে আসায় ক্রমে স্বাভাবিক হচ্ছে বিমানবন্দর। বাড়ছে বিমানবন্দর এলাকার প্রাণচাঞ্চল্য, যাত্রী ও ফ্লাইটের সংখ্যা। তাই বিমানবন্দর কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরাচালান, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তারা যৌথভাবে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে সিগারেটগুলো জব্দ করেন।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা আকতার বলেন, ‘এক যাত্রীর ব্যাগেজে ৯৫ কার্টন সিগারেট পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। প্রতি কার্টন সিগারেট বাজারে ২ হাজার টাকায় বিক্রি হয়।এরপর কাস্টম হাউসের নিলাম শাখায় পাঠিয়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘স্বর্ণের বার ২টি পর্যন্ত ঘোষণা দিলে শুল্ককর পরিশোধ করে নিয়ে যেতে পারেন যাত্রী। যদি কাউকে চ্যালেঞ্জ করে স্বর্ণের বার পাওয়া যায় সেক্ষেত্রে ২টি বার হলে শুল্ককরের পাশাপাশি জরিমানা দিয়ে নিতে পারেন যাত্রী। তবে স্বর্ণের পরিমাণ বেশি হলে মামলা হয়ে যায়।’

আরএইচ

Print This Post Print This Post