আল্লামা শফীর মৃত্যু নিয়ে ‘কটুক্তি’ করায় গ্রেফতার আলাউদ্দিন জিহাদী

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১০:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০ শনিবার ১০:৩০ পিএম

ফেসবুকে হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।

‘মুফতি আলাউদ্দিন’ আইডিতে কটূক্তিকর স্ট্যাটাসটি ডিলেট করে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেই স্ট্যাটাসে লেখা রয়েছে ‘পূর্বের পোস্টটি অত্র পেজের একজন অ্যাডমিন আমাকে না জানিয়ে দিয়েছিল। এরূপ পোস্ট অবশ্যই অনুচিত ও বেমানান। পোস্টটির জন্য দুঃখ প্রকাশ করছি।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। ওই আইডির অ্যাডমিন মুফতি আলাউদ্দিন জিহাদী। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।’

আরএইচ

Print This Post Print This Post