অনলাইন ডেস্ক | আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০ রবিবার ১০:০০ এএম
মাত্র ২০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতা মুজাহিদুর রহমান অন্তুরের হাতের চার আঙ্গুল কেটে নেয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরায় এই ঘটনা ঘটেছে। আহত মুজাহিদুর রহমান অন্তু সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ-সম্পাদক।
অভিযুক্ত তিন ব্যক্তি হলো- ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও তাদের সহযোগী সোহেল রানা।
এ ঘটনায় যুবলীগ নেতা মুজাহিদুর রহমান অন্তুর বাবা আবুল হাসান অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, ১৬ সেপ্টেম্বর সকালে বাকাঁল এলাকায় অবস্থিত রোজ মার্কেটের এক চায়ের দোকানের বিল পরিশোধের জন্য অন্তুর কাছ থেকে ২০ টাকা নেয় নাহিদ, জাহিদ ও রানা। ২০ টাকা দেয়ার পরও তাদের সাথে অন্তুর বাগবিতণ্ডা হয়।
পরে দুপুরে সেখান থেকে শহরে ফেরার পর অন্তুর বাড়ির সামনে তার ওপর হামলা অভিযুক্ত ৩ ছাত্রলীগ কর্মী ও তাদের সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতার হাতের চার আঙুল কাটা পড়ে। এ সময় অন্তুর চিৎকারে তার স্ত্রী ছুটে আসলে তাকেও মারপিট করতে থাকে অভিযুক্তরা। এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় নাহিদ ও তার সহযোগীরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্তুকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। কিন্তু অন্তুর হাতের আঙুলের হাড় বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাতক্ষীরার বিতর্কিত ছাত্রলীগ নেতা সাদিকুর রহমানের দেহরক্ষী হিসেবে জেলাব্যাপী পরিচিত নাহিদ হোসেন ও জাহিদ হোসেন। সাদিকুরের ছত্রছায়ায় তারা এর আগেও বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি, সাদিকুরের নেতৃত্বে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই করার ঘটনাতেও নাহিদ ও জাহিদ জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
যুবলীগ নেতা মুজাহিদুর রহমান অন্তু তাদের এসব অপর্কমের প্রতিবাদ করতেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব বিরাজমান ছিল। এই সূত্রেই যুবলীগ নেতার ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতার বাম হাতের আঙুল কেটে নেওয়ার ঘটনায় একটি এজাহার দায়ের হয়েছে। দ্রুত সময়ের ভিতরে আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে।’
সিএস
Print This Post
