নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ০৫:১০ পিএম
চট্টগ্রামের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব গ্যাং সদস্যরা নগরীতে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা, অপহরণ ও মারামারির ঘটনায় জড়িত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ও শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নিউ মার্কেট মোড় থেকে কিশোর গ্যাংয়ের একটি চক্র পেয়ার আহমদ (২৫) নামের এক যুবককে অপহরণ করে ব্রিক ফিল্ড এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করেন এবং চাঁদা দাবি করেন। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয় এবং ভিকটিমকে জীবিত উদ্ধারসহ ০৬ জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, রেলওয়ে ষ্টেশন রোডের এক দোকানদারের কাছ থেকে চাঁদা দাবি ও ত্রাস সৃষ্টির ঘটনায় নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সাহেদ হোসেন প্রকাশ মনা (২২) ও মো. রফিককে (২০) গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মনা মিরসরাই উপজেলার শাহ আলম ও রফিক কুমিল্লার জেলার মো. কামাল হোসেনের পুত্র।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘কিশোর গ্যাংয়ের বিরূদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। টানা ১২ ঘণ্টার অভিযানে ১৬ জন গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালীতে কোন গ্যাং থাকবে না।’ তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরএইচ
Print This Post
