টার্গেট করা ব্যক্তিকে ধাক্কা দিয়ে মোবাইল-টাকা ছিনিয়ে নেয় ওরা

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ৩:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার ০৩:১০ পিএম

কেনাকাটার জন্য সকলের পছন্দের জায়গা নগরের রিয়াজউদ্দিন বাজার এবং নিউমার্কেট এলাকা। বেলা যতই বাড়ে এই এলাকায় কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা ছিনিয়ে নেয় একটি চক্র। ভিড় দেখে সেখানে গিয়ে ওঁত পেতে টার্গেট করা ব্যক্তিকে ধাক্কা দিয়ে কৌশলে বের করে নেয় মানিব্যাগ, মোবাইল এবং টাকা। —এমনই একটি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাদের নতুন রেল স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই ছিনতাইকারী হল- কর্ণফুলী থানার ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার মো. বেলালের পুত্র মো. রুবেল (২২) ও ৮ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার জহুর আহমদের পুত্র মো. জাবেদ (২৪)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘নতুন রেল স্টেশনের সামনে থেকে দুই ছিনতাইকারীকে সন্দেহজনক ঘোরাঘুরির সময় আটক করা হয়। এ সময় তাদের কাছে মোবাইল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেটি ছিনতাই করা মোবাইল বলে জানতে পারি। পরে মোবাইলের মালিককে শনাক্ত করে ডেকে আনলে তার কাছ থেকে ছিনতাই করেছে বলে নিশ্চিত হই। মোবাইলের মালিককে মোবাইল বুঝিয়ে দেওয়া হয়েছে।’

আরএইচ

Print This Post Print This Post